
অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কায় ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। জ্বালানি সংকট নিরসনে শনিবার (২১ মে) এ তেল পাঠানো হয়। রোববার (২২ মে) কলম্বোয় তা পৌঁছানোর কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন কলম্বোয় অবস্থানরত ভারতীয় হাইকমিশনারও।
গত মাসে দেশটির জন্য নতুন করে সাহায্যের হাত বাড়ায় ভারত। এ সময় শ্রীলঙ্কায় জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার সহজ ঋণসহায়তা ঘোষণা দেয়।সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা আমদানি মূল্য পরিশোধ করতে হিমশিম অবস্থার সম্মূখীন হয়। ফলে দেশটির মুদ্রার অবমূল্যায়ন হয় এবং মুদ্রাস্ফীতি বেড়ে যায়।
এক টুইট বার্তায় ভারতের হাইকমিশন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার (২০ মে) চাল, ওষুধ ও গুঁড়ো দুধের মতো জরুরি সাহায্য নিয়ে একটি ভারতীয় জাহাজ রওনা হয়েছে। যা রোববার (২২মে) কলম্বো পৌঁছাবে।
এর আগে চলতি সপ্তাহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ঘোষণা করেন, তাঁর দেশ ভয়াবহ খাদ্যঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে। ভারত অনেকবারই জানিয়েছে, প্রতিবেশী দেশটির অর্থনৈতিক সংকটে তারা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে দ্বীপদেশটিতে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারেও সাহায্য করবে।



