
আফগানিস্তানে নারীদের মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসার জন্য চাপ দেওয়া হচ্ছে তালেবান সরকারের পক্ষ থেকে। ফলে বাধ্য হয়ে মুখ ঢেকে খবর পড়া এবং সংবাদ সংগ্রহ করা শুরু করেছেন নারী উপস্থাপিকা ও রিপোর্টাররা।
রোববার থেকে দেশটির শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে এমন দৃশ্য দেখা গেছে।
চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের প্রধান ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা একটি আদেশ জারি করেন। এতে বলা হয়, আফগান নারীদের মুখসহ পুরো শরীর ঢেকে জনসম্মুখে বের হতে হবে। আর এ পোশাক হবে আফগানিস্তানের প্রথাগত বোরকার সঙ্গে সংগতিপূর্ণ।
উপস্থাপিকাদের জন্য হাইবাতুল্লাহ আখুন্দজাদার এই আদেশ শনিবার থেকে কার্যকরের নির্দেশ দিয়েছিল দেশটির নীতিনৈতিকতা-বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু ওই দিন উপস্থাপিকারা এই আদেশ মানেননি।
তবে রোববার (২২ মে) আফগানিস্তানের প্রায় সব নারী টিভি উপস্থাপক মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আসেন। কারণ তালেবানের ভাইস অ্যান্ড ভার্চু মন্ত্রণালয় আদেশটি এরই মধ্যে কঠোরভাবে কার্যকর করা শুরু করেছে।
টোলো নিউজের উপস্থাপক ফরিদা সিয়াল বলেন, এটা ঠিক যে আমরা মুসলিম, আমরা হিজাব পরি, আমরা আমাদের চুল আড়াল করি। কিন্তু একজন উপস্থাপকের পক্ষে পরপর দুই বা তিন ঘণ্টা মুখ ঢেকে এভাবে কথা বলা খুবই কঠিন। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া বাইরের সংস্কৃতি।


