
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন কর্নেল আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন।
রোববার (২২ মে) রাজধানী তেহরানে কর্নেল সাইয়াদ খোদাই নামে কর্নেলের বাড়ির সামনে দুইজন বন্দুকধারী মোটরসাইকেলে এসে তাকে পাঁচবার গুলি করেন।
সাইয়াদ খোদাই সেসময় একটি গাড়ির ভেতরে বসে ছিলেন। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, রক্তাক্ত এক ব্যক্তি গাড়ির সিটে বসা অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছেন। তার শরীরে তখনও গাড়ির সিটবেল্ট বাঁধা ছিল।
দেশটির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার জানান, ২০২০ সালে একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করার পর ইরানে এই প্রথম বড় কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলো। কর্নেল খোদাই ছিলেন এলিট কুদস বাহিনীর একজন জ্যেষ্ঠ সদস্য। সংস্থাটি রেভ্যুলেশনারি গার্ডের একটা অঙ্গপ্রতিষ্ঠান, যারা বিদেশে তাদের অভিযান পরিচালনা করে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ বলেছেন, কর্নেল ইরানের ঘোরতর শত্রুদের হাতে নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি।


