

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দেশটির সশস্ত্র বাহিনীর একটি অস্ত্র গুদাম ধ্বংস করার জন্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান। খবর আল-জাজিরা।
তিনি দাবি করেন, ওই গুদামে ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনের সেনাদের বিমানের গোলাবারুদ ছিল। ২০১৮ সালে এই ক্ষেপণাস্ত্রটিকে সার্ভিসে নিয়ে এলেও রাশিয়া এর আগে কখনো যুদ্ধের ক্ষেত্রে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহারের বিষয়টি স্বীকার করেনি। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণেরও বেশি গতিতে উড়ে যেতে পারে।
ক্ষেপণাস্ত্রটি কারপাথিয়ান পর্বতমালার পাদদেশে দিলিয়াতিন গ্রামে আঘাত হানে। ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত থেকে এর দূরত্ব মাত্র ৩০ মাইল।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও পর্যন্ত এ হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি।
রাশিয়ার তৈরি করা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল। যার গতিবেগ শব্দের চেয়ে ১০ গুণ বেশি। অর্থাৎ এক সেকেন্ডে এটি ৩ কিলোমিটারেরও বেশি অতিক্রম করতে সক্ষম। এমনকি শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম।



