

ইউক্রেনের দক্ষিণঞ্চলীয় মিকোলাইভ শহরের সেনা ব্যারাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলার সময় ঘাঁটিতে প্রায় ২শ ইউক্রেনীয় সেনা ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শুক্রবার ইউক্রেনের মিকোলাইভ শহরের উত্তর প্রান্তে একটি সামরিক ঘাঁটিতে তিনটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ম্যাক্সিম নামে এক ইউক্রেনী সৈন্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, এ হামলায় কমপক্ষে একশ সেনা নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকে রয়েছেন তা আমরা জানি না। যদিও হামলার পর সরকারিভাবে হতাহতের এখনও কোনো পরিসংখ্যান ইউক্রেনের পক্ষ থেকে তুলে ধরা হয়নি।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ভিটালি কিম শনিবার এক ভিডিওতে বলেন, শুক্রবার সকালে রুশ বাহিনী ঘুমন্ত সৈন্যদের ওপর কাপুরুষোচিতভাবে রকেট হামলা চালায়। এতে সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত কমপক্ষে ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
অবশ্য যে কোনো সময় ওই সামরিক ঘাঁটিতে নতুন করে রুশ হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যেই সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। সংবাদমাধ্যম বলছে, সেনা ঘাঁটির কাছেই হওয়া পৃথক একটি হামলায় ৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন এবং তারা সবাই একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন।



