

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীর একটি আর্ট স্কুলে শনিবার বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই স্কুলে ৪০০ মানুষ আশ্রয় নিয়েছিলেন। খবর বিবিসির।
আঞ্চলিক কাউন্সিল জানিয়েছেন, রুশ হামলায় স্কুল ভবনটি ধ্বংস হয়ে গেছে এবং লোকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। ওই স্কুলে নারী, শিশু এবং বয়স্ক লোকজন আশ্রয় নিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অবশ্য হামলার পর তাৎক্ষণিকভাবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছাড়া মারিউপোলের সাথে যোগাযোগ এখন খুবই কঠিন হওয়ায় স্কুলে রাশিয়ার হামলার দাবিটি বিবিসি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি বলেও উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই চার শিশুসহ ২২৮ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ মার্চ) কিয়েভ নগর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এক বিবৃতিতে কিয়েভ প্রশাসন জানিয়েছে, হামলায় আহত হয়েছেন ৯১২ জন।



