

ভয়ঙ্কর অর্থসংকট শ্রীলংকা। কাগজ কিনতে না পেরে সারা দেশে লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে। কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই বিষয়েও কিছু জানানো হয়নি। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দ্য গার্ডিয়ান
সরকারি কর্মকর্তাদের মতে, বাইরে থেকে কাগজ কেনার মতো ডলার দেশে নেই। সোমবার থেকে স্কুল শিক্ষার্থীদের জন্য মেয়াদি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশে কাগজের তীব্র সংকট। সেই কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পশ্চিমাঞ্চল প্রদেশের শিক্ষা বিভাগ বলেছে, দেশে বৈদেশিক মুদ্রার অভাবের কারণে বাইরে থেকে কাগজ ও কালি আমদানি করা যাচ্ছে না। এর ফলে দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর জীবনে বিরূপ প্রভাব পড়বে। এ অবস্থা চলতে থাকলে বার্ষিক পরীক্ষা নেওয়া ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতে পারে।
শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের এত ঘাটতি দেখা দিয়েছে যে প্রয়োজনীয় আমদানির জন্য টাকাও তোলা যাচ্ছে না। এই অর্থনৈতিক সংকটের কারণে গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য, জ্বালানি ও ওষুধ আমদানিও বন্ধ রয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য শ্রীলঙ্কার সবচেয়ে বড় মহাজন চীনকে অনুরোধ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।



