

চীনের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় ১৩২ জন আরোহী নিয়ে একটি বিধ্বস্ত হয়েছে। বিমানটি দেশটির বেসরকারি পরিবহন সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা বিবিসি। তবে তাৎক্ষনিক হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। খবর- আল-জাজিরা।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম পিপলস ডেইলি বলছে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মাঝে কোনো যাত্রীর বেঁচে থাকার চিহ্ন পাওয়া যায়নি।
সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি জুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আসা ভিডিওতে দেখা যায়, এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী।
বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলেছে, ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি কুনমিং শহর থেকে স্থানীয় সময় বেলা ১টার দিকে উড্ডয়ন করেছিল। বিমানটির গন্তব্য ছিল গুয়াংঝু শহর।
ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো জানিয়েছে, প্লেনটি এক ঘণ্টার বেশি সময় ধরে আকাশে ছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২মিনিটে। সেই সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৬৯৬ কিলোমিটার (৩৭৬ নট) গতিবেগে বিমানটি চলছিল।
ফ্লাইটরাডার টুয়েন্টিফোর এর তথ্য অনুযায়ী, ৬ বছর ধরে যাত্রীসেবা দিয়ে আসা ৭৩৭-৮০০ বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি।
এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০১০ সালে। ইচুন বিমানবন্দরের কাছে ওই দুর্ঘটনায় প্লেনটিতে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন নিহত হন।



