

দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন ইউক্রেনের নাগরিক বরিস রোমানচেঙ্কো। মানবসভ্যতার ইতিহাসে সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ সেই যুদ্ধে বেঁচে গেলেও এবার খারকিভ শহরে রুশ বাহিনীর হামলায় গুলিতে নিহত হলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। খবর বিবিসি।
সোমবার (২১ মার্চ) বুচেনওয়ার্ল্ড মেমোরিয়াল এক বিবৃতিতে জানায়, খুবই আতঙ্কের বিষয় যে ইউক্রেন যুদ্ধে বরিস রোমানচেঙ্কো প্রাণ হারিয়েছেন। রুশ সেনাদের ছোঁড়া গোলার আঘাতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। ওই ভবনেই বসবাস করতেন তিনি।
বুচেনওয়ার্ল্ড মেমোরিয়ালের তথ্য অনুযায়ী, ১৯২৬ সালের ২০ জানুয়ারি সুমি শহরের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন বরিস। তৎকালীন ইউক্রেনী জনগণকে ভয় দেখানোর নাৎসি কৌশল হিসেবে ১৬ বছর বয়সী বরিস রোমানচেঙ্কোকে ধরে নিয়ে যায় জার্মানি সৈন্যরা। পরে সেখানে তাকে ডার্কমুন্ডে জোরপূর্বক খনির শ্রমিক বানানো হয়।
১৯৪৩ সালে সেখান থেকে পালানোর প্রচেষ্টা ব্যর্থ হলে তাকে বুচেনওয়ার্ল্ড কনসেনট্রেশন ক্যাম্পে নিয়ে আসা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এ ক্যাম্পে ৫০ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল। এছাড়াও তিনি পিনেমুয়েন্দে ক্যাম্পে আটক ছিলেন। সেখানে তাকে দিয়ে V2 ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করতে বাধ্য করা হয়।



