

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের এক তৃণমূল নেতাকে হত্যার প্রতিবাদে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ কর্মীরা। পুড়ে যাওয়া বাড়ি থেকে অন্তত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। খবর: আনন্দবাজার পত্রিকার।
সোমবার বগটুই গ্রামে বোমা হামলায় তৃণমূল নেতা ভাদু শেখের মৃত্যু হয়। ভাদু রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে বলছে, নিহত ভাদু শেখের বাড়ি বগটুই গ্রামে। সোমবার সন্ধ্যার দিকে গ্রামের স্থানীয় একটি চায়ের দোকানে তিনি বসেছিলেন। সেসময় একদল দুষ্কৃতিকারী ওই চায়ের দোকানে তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে । ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ভাদুকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ভাদুকে মৃত বলে ঘোষণা করেন।
ওই ঘটনার পর কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল সূত্রে জানা গেছে, সোমবার রাতে তিন জনের ঝলসানো মৃতদেহ উদ্ধারের পর মঙ্গলবার সকালে আরও সাতজনের মরদেহ উদ্ধার হয়। সাতজন একটি বাড়িতেই ছিলেন।



