

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে একটি কাঠের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোরে ভৈগুদা নামক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর- এনডিটিভি
প্রতিবেদনে বলা হয়, গোডাউনে আগুন লাগার পর সেখান থেকে জীবন বাঁচিয়ে বের হয়ে আসতে সক্ষম হয় একজন শ্রমিক। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, কাঠের ওই গোডাউনটির ভেতরে ১২ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন। আগুনি লাগার পরে ১২ শ্রমিকের মধ্যে একজন কোন ভাবে প্রাণ নিয়ে বের হতে পারলেও বাকী ১১ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
ডিসিপি এম রাজেশ চন্দ্র এনডিটিভিকে বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখান থেকে বের হওয়ার জন্য শুধু একটি দরজা আছে, যেটি অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে তালাবদ্ধ ছিল।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।



