

ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর মারিউপোলের একটি বাংকারে আটকে আছেন দুই বাংলাদেশি শিক্ষার্থী। তাদের নাম মাহমুদুল হাসান দোলন ও মেহেদি হাসান।
দোলনের ভগ্নীপতি পোল্যান্ড প্রবাসী মাসুদুর রহমান তুহিনের সঙ্গে তার শ্যালকের শনিবার শেষ কথা হয়। সে সময় পাঁচ ঘণ্টার ‘হিউম্যান করিডর’ দেওয়া হয়েছিল। তখন দোলন ও মেহেদিসহ ৪০ জন সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মাঝপথে ইউক্রেনের সেনারা তাদের গাড়ি ঘুরিয়ে দেয়। কারণ তখন রাশিয়া সেখানে বোমাবর্ষণ করছিল।
এরপর মারিউপোলে একটি বাংকারে আশ্রয় নেন দোলন ও মেহেদিসহ অন্যরা৷ সেখানে পোঁছে ভগ্নীপতিকে ভয়েস মেসেজ পাঠান দোলন। তারপর থেকে আর যোগাযোগ নেই।
তাই দোলন ও মেহেদিকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।



