

দীর্ঘদিনের বান্ধবী স্টেলা মরিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। লন্ডনের বেলমার্শ কারাগারে বুধবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
২০২১ সালের নভেম্বরে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারের মধ্যেই বাগদত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।
যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান বন্দিরা। কোনো বন্দির আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ মিটিয়ে বিয়ে করতে পারেন তারা।
নববধূর সাজে স্টেলা মরিস বলেন, ‘আমি খুব খুশি এবং খুবই দুঃখিত। আমি জুলিয়ানকে মন থেকে ভালোবাসি। তিনি যদি এখন কারাগারের বাইরে থাকতেন আরও ভালো লাগতো।’
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কারাগার থেকে বের করে বিয়ের কেক কাটেন স্টেলা। এ সময় জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি দাবি করেন তিনি।
২০১৫ সালে প্রেমে পড়ার দুই বছর পর তারা বাগদান সম্পন্ন করেন। সেই সময় লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন অ্যাসাঞ্জ। সেখানে থাকা অবস্থায়ই তাদের দুই ছেলের জন্ম হয়।
ইরাক ও আফগানিস্তান গোপন নঁথি ও যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক তথ্য ফাঁসসহ তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
অ্যাসাঞ্জকে দেশে ফিরিয়ে নিয়ে বিচার করতে চায় যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন তিনি।


