

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় সোমবার বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সকাল এগারোটায় অধিবেশন শুরু হলে প্রথম থেকেই বিজেপি বিধায়করা হট্টগোল করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
হাতাহাতির ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ পাঁচ বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তারা হলেন,বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,পরিষদীয় দলনেতা মনোজ টীজ্ঞা,শংকর ঘোষ,নরহরি মাহাতো এবং দীপক বর্মন।
বিজেপি বিধায়করা যখন তুমুল স্লোগান দিচ্ছিলেন সে সময় তৃণমূল বিধায়করা প্রথমে তাদের নির্দিষ্ট আসন বসে থেকে প্রতিবাদ জানাচ্ছিলেন। কিন্তু পরে তারা সেখান থেকে উঠে এসে বিজেপি বিধায়কদের দিকে তেড়ে যান। এ ঘটনায় গেরুয়া দলের ৮ থেকে ১০ জন বিধায়ক আহত হয়েছেন ।
অন্যদিকে,তৃণমুলের নেতা অসিত মজুমদারের নাক ফেটেছে বলেও অভিযোগ করেন। বিরোধী দলের নেতারা তার ওপর হামলা চালায় বলেই জানান তিনি।
আচরণ বিধিলঙ্ঘনে অভিযোগের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভার ভেতরে আমরা কোন অসভ্যতা করিনি। অধ্যক্ষে বিমান বন্দ্যোপাধ্যায় অনুমতিক্রমেই আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম। তিনি বহিষ্কার করেছেন তা আমরা মাথা পেতে নিলাম এর যোগ্য জবাব মানুষই দেবে।


