গাজার সবচেয়ে বড় হাসপাতালটি কবরস্থানে পরিণত হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হেড অফ ডিজিটাল মিডিয়া


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় আল-শিফা হাসপাতাল কবরস্থানে পরিণত হচ্ছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।মঙ্গলবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গাজার এই হাসপাতালটি মরদেহ দাফন করতে পারছে না বলেও জানিয়েছে ডব্লিউএইচও।গাজার উত্তরাঞ্চলে অবস্থিত আল-শিফা হাসপাতালটি গত কয়েকদিন ধরে বেশ লড়াই করছে। হাসপাতালটির অবস্থা নিয়ে ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, হাসপাতালের আশপাশে এমন অনেক মরদেহ পড়ে আছে যেগুলোর কাছে যাওয়া যাচ্ছে না, এমনকি দাফনও করা যাচ্ছে না বা সেগুলো উদ্ধার করে কোনও মর্গেও নিয়ে যাওয়া যাচ্ছে না। যেভাবে কাজ করা উচিত হাসপাতালটি এখন আর সেভাবে কাজ করছে না। এটি এখন প্রায় একটি কবরস্থান।প্রায় দেড় মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-শিফাসহ ইতোমধ্যে গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, আল-শিফা হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেলে হামাস কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার পরিচালনা করছে। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।


