

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক প্রায় তিন কোটি টাকা জিতলেন লটারিতে। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতেন মোহাম্মদ নামের প্রবাসী এই বাংলাদেশি। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।আমিরাতে তিনি একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন মোহাম্মদ। তবে, বছর না যেতেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই হয়ে গেলেন কোটিপতি।মোহাম্মদ জানান, ১৯ জনের একটি দল তাদের। গত এক বছর ধরে তারা প্রতি মাসে লটারির টিকিট কিনছে। এ নিয়ে তৃতীয়বারের মতো মোহাম্মদের নামে টিকিট কেনা হয়। বিশেষ অফারে— দুটি কিনলে দুটি ফ্রিতে— চারটি টিকিট কেনা হয়। তার মধ্যে দুটি টিকিট সিলেক্ট করেছিলেন মোহাম্মদ। আর দুটি টিকিট সিলেক্ট করেছিলেন তার বন্ধু। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি বেছে নিয়েছিলেন মোহাম্মদ।এই অর্থ দিয়ে কী করবেন? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ বলেন, আমি এখনো জানি না। আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়তো একটি নতুন বাড়ি কিনব।



