

জার্মান ভূখণ্ডে ‘জেড’ চিহ্ন দেখানো নিষিদ্ধ করা হয়েছে। জেড চিহ্ন প্রদর্শনকে অপরাধ হিসেবে গণ্য করা হতে পারে বলে জানিয়ে দিয়েছে দেশটি।
সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান। খবর- ইয়ন।
ইউক্রেনে রাশিয়ার অভিযানে অংশ নেওয়া রুশ সামরিক যানবাহনগুলোতে ‘জেড’ অক্ষরকে চিহ্ন হিসেবে ব্যবহার করা হচ্ছে।
রাশিয়ার যুদ্ধকে সমর্থনে এটিকে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন পতাকায় এটি স্থান পাচ্ছে। ক্রেমলিনপন্থী সমাবেশগুলোতে এই প্রতীক ব্যবহার করা হচ্ছে।
এর আগে এমন প্রতীক প্রদর্শনে শাস্তির কথা জানিয়েছিল বাভারিয়া ও স্যাক্সনি রাজ্য কর্তৃপক্ষ।
জার্মানির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘জেড অক্ষরটি অবশ্যই নিষিদ্ধ নয়, তবে ক্ষেত্রবিশেষে এটির ব্যবহার ইউক্রেনে রুশ আগ্রাসনের সমর্থক হিসেবে কাজ করতে পারে।’
যেসব ব্যক্তি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সমর্থনের প্রতীক হিসেবে জার্মানিতে ‘জেড’ অক্ষরটি প্রদর্শন করবে তাদের বিচারের মুখোমুখি করা হবে।


