

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ব্যাপক অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিরোধীদের অনাস্থা ভোটের আগেই দেশটির রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে।
ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকি নিয়ে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন সরকার প্রধান। খবর- জিও নিউজ।
বুধবার দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে দুই দফায় বৈঠক করেন। এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের সাথেও বৈঠক করেন তিনি। বৈঠকে তাকে একবারও পদত্যাগ করতে বলা হয়নি, আর ইমরানেরও পদত্যাগ করার পরিকল্পনা নেই।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদ্রুপ করে তিনি বলেন, একটি সমস্যা ছিল, তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কব্জায় নিতে চেয়েছিলেন।
ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির সামরিক নেতৃত্বকে শ্রদ্ধা করে বলেও জানান ফাওয়াদ চৌধুরী।
তবে জোট সরকার থেকে একের পর এক দল সমর্থন তুলে নেয়ায় ইমরান খানের ক্ষমতা হারানোর ঝুঁকি বেড়েছে এমনটা দাবি করা হচ্ছে দেশটির একাধিক গণমাধ্যমে।
দেশটিতে দশকের পর দশক ধরে চলে আসা ব্যাপক দুর্নীতি এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পান ইমরান খান। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে আকাশচুম্বী মূল্যস্ফীতি, রুপির মান পড়ে যাওয়া এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা সামলাতে ব্যাপক সংগ্রামের মুখোমুখি হয়েছেন তিনি।



