

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে অস্ট্রেলিয়ার সাংবাদিক চেং লেইয়ের বিরুদ্ধে বেইজিংয়ের একটি আদালতে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তায় বিচার কার্যক্রম শুরু হয়।
চীনা বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে কর্মরত ছিলেন। খবর- বিবিসি।
২০২০ সালের আগস্টে তাকে গ্রেফতার করা হয়। এর বিরুদ্ধে বারবার উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। তাকে নির্দোষ দাবি করে আসছে তার পরিবার।
দুই সন্তানের মা সাংবাদিক চেং লেই দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, অস্ট্রেলিয়ান কূটনীতিকদের দুই দেশের মধ্যে কনস্যুলার চুক্তির সঙ্গে সঙ্গতি রেখে চেংয়ের শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে, কিন্তু অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রাহাম ফ্লেচার সাংবাদিকদের বলেছেন তাকে আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গোপনে পরিচালিত বিচার প্রক্রিয়ার বৈধতার ওপর আমাদের আস্থা নেই। তার অধিকার এবং স্বার্থের পক্ষে জোরালো অবস্থান বজায় রাখবে অস্ট্রেলিয়া।



