

ইউক্রেনে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য অতিরিক্ত ৩০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন।
শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ফেব্রুয়ারিতে রুশ বাহিনী হামলা চালানোর পর ওয়াশিংটন ১৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। খবর-এএফপি।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের সামরিক শক্তি বাড়ানোর জন্য এ সহায়তা দিচ্ছে ওয়াশিংটন। এ সহায়তার মধ্যে লেজার সিস্টেম রকেট, ড্রোন, গোলাবরুদ, রাতে ব্যবহাযোগ্য যুদ্ধাস্ত্র, কৌশলগত সুরক্ষিত যোগাযোগব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম রয়েছে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।



