

তীব্র অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর ব্যাপক বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলঙ্কা প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে এমন পরিস্থিতির মধ্যে ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ রাষ্ট্রটিতে পৌঁছেছে। বিকেলে দেশব্যাপী এ তেল সরবরাহ করা হবে। খবর- এনডিটিভির।
এই ৪০ হাজার টন ডিজেলের দাম পড়েছে ১০০ কোটি ডলার। এ অর্থ দিয়েছে ভারত।
শনিবার সন্ধ্যার মধ্যেই রাজধানী থেকে দেশের সব এলাকায় ডিজেল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার বিদ্যুৎমন্ত্রী পাভিত্রা ওয়ানিয়ারাচ্চি।
তিনি আরো জানান, এ ডিজেল চালানে দেশের লোডশেডিংয়ের সমস্যা সম্পূর্ণ মিটে যাবে তা কিন্তু নয়।
ঋণ শোধ করতে গিয়ে তলানিতে ঠেকেছে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রিজার্ভ না থাকায় জ্বালানি তেল, গুঁড়া দুধের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না শ্রীলঙ্কা সরকার।
পরিস্থিতি এমন যে, পরীক্ষার্থীদের হাতে কাগজ দিতে না পারায় পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
১৯৪৮ সালে স্বাধীন হওয়া শ্রীলঙ্কা এমন অর্থনৈতিক সংকটে আগে কখনো পড়েনি। দেশজুড়ে চলছে চরম হাহাকার। মানবেতর জীবনযাপন করেছে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ।



