

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন ক্রিকেটার ইমরান খান। রবিবার (৩ এপ্রিল) মধ্যরাতের পর জারি করা বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট দফতর।
এক টুইট বার্তায় আরিফ আলভি বলেন, সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জনাব ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির সংবিধান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত ইমরান খান ১৫ দিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকতে পারবেন। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ দেওয়া হবে তা বলা নেই।
আগের দিন রবিবার দিনভর নাটকীয়তা দেখা যায়, পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। দিনের শুরুতেই জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটকে অসাংবিধানিক অ্যাখা দিয়ে খারিজ করে দেন ডেপুটি স্পিকার। পরবর্তীতে ইমরান খানের অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট।



