
গত এক মাসের বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ চলমান। সামরিক শক্তিতে দুই পক্ষ সমান না হলেও লড়াইয়ে ক্ষতিগ্রস্ত উভয় দেশ। যার প্রভাব পড়েছে অন্যান্য দেশেও। তবে এমন পরিস্থিতির মধ্যেও কোনো বিঘ্ন ছাড়াই বাংলাদেশে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি পাঠাচ্ছে রাশিয়া।
মঙ্গলবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে রাশিয়ার এটমিক এনার্জি করপোরেশন (রোসাটম) জানায়, সম্প্রতি দেশটির সেন্ট পিটার্সবার্গ সমুদ্রবন্দর থেকে প্রায় দেড় হাজার টন যন্ত্রপাতি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাঠানোর জন্য শিপমেন্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক হাজার ৩০০টি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি।
আগামী জুন মাসে এসব যন্ত্রপাতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডেলিভারি দেওয়া হবে বলেও বিবৃতিতে জানায় রোসাটম।
এই বিষয়ে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান এটমষ্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর প্রকল্প পরিচালক আলেপেই ডেইরি জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে রাশিয়ার পরিস্থিতি বিরূপ হলেও আমরা জেনারেল কন্ট্রাক্টর হিসেবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি সরবরাহ করে যাচ্ছি। পাশাপাশি নির্বিঘ্নে যাতে নির্মাণ কাজ শেষ হয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। এই প্রকল্পে স্থাপতি হচ্ছে দুটি ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। যা দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।



