

চলমান বিক্ষোভের জেরে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন গেজেটের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল থেকে জারি করা অধ্যাদেশটি ৬ এপ্রিল ভোর থেকে প্রত্যাহার করা হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
অর্থনৈতিক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে দিনের বেশিরভাগ সময়। বন্ধ জরুরি স্বাস্থ্যসেবাও। এ অবস্থায় দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ।
গত রোববার দেশটির ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। একই দিনে পদ থেকে সড়ে দাঁড়ান শ্রীলঙ্কার কেন্ত্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কারবালা। এরপর রাজাপাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা।
তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়েছেন।
এদিকে সংকটে বিপযর্স্ত দেশটির নতুন নিয়োগকৃত অর্থমন্ত্রী আলী সাবরি দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টা যেতে না যেতেই মঙ্গলবার পদত্যাগ করেছেন।
অন্যদিকে, শ্রীলঙ্কায় নজিরবিহীন তীব্র অর্থনৈতিক সংকটের মাঝে দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা নির্বাহী রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বাতিল করার আহ্বান জানিয়েছেন।



