
রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনের জন্য সোভিয়েত যুগে তৈরি টি-৭২ ট্যাংক ও বিভিপি-১ সাঁজোয়া যান পাঠিয়েছে চেক প্রজাতন্ত্র। এছাড়াও পাঁচটি ট্যাংক ও পাঁচটি সাঁজোয়া যান নিয়ে একটি ট্রেন কিয়েভের উদ্দেশে রওনা করেছে।
বুধবার দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, চেক প্রজাতন্ত্র হবে প্রথম ইইউভুক্ত দেশ, যেটি রুশ অভিযান শুরুর পর ইউক্রেনে সরাসরি আক্রমণাত্মক অস্ত্র পাঠিয়েছে।
চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী জানা চেরনোচোভা পার্লামেন্টে বলেন, ইউক্রেনে সহযোগিতা পাঠানোর বিষয়টি বিস্তারিত আকারে ব্যাখ্যা করতে রাজি নন তিনি। আবার বিষয়টি অস্বীকারও করছেন না।
তিনি বলেন, আমি শুধু আপনাদের আশ্বস্ত করতে চাই, চেক প্রজাতন্ত্র সাধ্যমতো ইউক্রেনকে সহযোগিতা করছে। হালকা ও ভারী দুই ধরনের সামরিক সরঞ্জাম সরবরাহের মধ্য দিয়ে এ সহযোগিতা অব্যাহত থাকবে।


