
চরম অর্থনৈতিক ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে সারাদেশে পদত্যাগের দাবিতে বিক্ষোভ চললেও পদত্যাগ করবেন না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। বুধবার দেশটির পার্লামেন্টে সরকার দলের হুইপ জনস্টোন ফার্নান্ডো এ তথ্য নিশ্চিত করেছেন। খবর-রয়টার্স
তবে কোন দল যদি পার্লামেন্টে ১১৩ আসনের সমর্থন দেখিয়ে নিজেদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
২০১৯ সাল থেকে পরিবারের সদস্যদের শীর্ষ পদে রেখে ক্ষমতায় রয়েছেন গোটাবায়ে রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছেন প্রেসিডেন্ট।
গত রোববার দেশটির ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। একই দিনে পদ থেকে সড়ে দাঁড়ান শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভারদ কারবালা। এরপর পাকসের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন ৪১ জন আইনপ্রণেতা।
এদিকে, চলমান বিক্ষোভের কারণে জারি করা জরুরি অবস্থা ৬ এপ্রিল ভোর থেকে তুলে নেওয়া হয়।


