
বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ বিশ্বের ১০৬ টি দেশের নাগরিকদের ওপর আরোপিত করোনা ভাইরাস সম্পর্কিত প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাপান।
আগামী শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে দেশটির সরকার ঘোষণা দিয়েছে। খবর- জাপান টাইমস ও রয়টার্স।
তবে দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, পর্যটকদের এখনই স্বাগত জানাচ্ছে না টোকিও। শুধুমাত্র ব্যবসা, শিক্ষা ও বাণিজ্যসহ অন্যান্য জরুরি কার্যক্রমের জন্যই সীমান্ত খুলছে দেশটি।
বিভিন্ন কঠোর নিয়ম-কানুন শর্ত নমনীয় করেছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় সীমান্তে জারি বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়া হল। তবে এখনও ৫৬টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রেখেছে জাপান।
এ নিয়ে বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী শুক্রবার থেকে বিশ্বের ১০৬টি দেশের নাগরিকরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন। তবে কেবলমাত্র পর্যটনের উদ্দেশ্যে বিদেশিরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন না।



