
শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে দেশ ত্যাগ করেছেন প্রেসিডেন্টের চাচাতো বোন সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। খবর- ডেইল মিরর।
স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক সিলন টুডে’র প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ তাকে শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কাটুনায়েকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দেখা গেছে।
শ্রীলঙ্কার রাজনীতিতে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য নিরুপমা ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের পনি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন।
করফাঁকি, দুর্নীতি ও মুদ্রাপাচারের অভিযোগে অভিযুক্ত নিরুপমা ও তার স্বামী থিরুকুমার নাদেসানের নাম প্যান্ডোরা পেপার্সেও এসেছিল।
রোববার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ব্যাতীত ২৬ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সবাই একযোগে পদত্যাগ করেন। এদের মধ্যে রাজাপাকসে পরিবারের অন্তত চার সদস্য রয়েছেন।
একই দিন পদত্যাগ করেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও। তাদের দলও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।


