
বহুল আলোচিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার বাতিল করে দিয়েছে তুরস্কের একটি আদালত।
বৃহস্পতিবার তুর্কি আদালতের রায়ে বলা হয়েছে, মামলাটি সৌদি আরবের কাছে হস্তান্তর করা হবে। মানবাধিকার গ্রুপগুলোর সতর্কতা সত্ত্বেও তুরস্কের আদালত এমন সিদ্ধান্ত দিয়েছে। খবর- সিএনএন।
এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ সৌদি নাগরিকের অনুপস্থিতিতে দেশটিতে এই বিচার কার্যক্রম চলছিল।
মানবাধিকার গ্রুপগুলোর দাবি, তুর্কি আদালতের এমন সিদ্ধান্তে সৌদি আরব মামলাটি গোপন করার সুযোগ পাবে।
অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে পড়া তুরস্ক এখন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। তবে কয়েকটি সংবাদমাধ্যমের দাবি তুরস্কে সৌদি নাগরিকদের বিরুদ্ধে মামলা বাতিলের শর্তে আঙ্কারার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সম্মতি দিয়েছে রিয়াদ।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। পরে তুর্কি কর্তৃপক্ষ তথ্য প্রমাণসহ জানায়, কনস্যুলেটে সৌদি আরবের ভাড়া করা একদল খুনির হাতে নির্মম হত্যার শিকার হন তিনি।
হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে এসিড দিয়ে ঝলসিয়ে দেয়া হয়। হত্যার প্রায় সাড়ে তিন বছর পার হলেও এখনো তার মরদেহের হসিদ মেলেনি।



