যুদ্ধকালীন ঘটনায় আহত হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বুধবার (১১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনি আহত হওয়ার খবর শোনার পর তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা নিশ্চিত করেন যে আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেছে। তবে তিনি কী ধরনের আঘাত পেয়েছেন বা কোথায় চিকিৎসা নিচ্ছেন—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

citytouch 728-X-90

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তিন দিন আগে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা খামেনি। দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। ফলে তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়।

এদিকে নিউইয়র্ক টাইমস–এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে নিরাপদ অবস্থায় আছেন বলে জানিয়েছে ইরানের সরকারি সূত্র।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান