

পাকিস্তানের জাতীয় পরিষদে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগের রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন, তবে তাকে উৎখাত করে কোনো ‘আমদানি করা’ সরকার বসানোর চেষ্টা তিনি মেনে নেবেন না।
সম্মান বাঁচানোর চেষ্টায় আস্থা ভোট এড়িয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কৌশল নিয়েছিলেন ইমরান, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে তার সেই চেষ্টা ভেস্তে গেছে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন লিখেছে, ইমরান এখন কী করবেন তা নিয়ে দিনভর নানা জল্পনা কল্পনা শেষে শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিতে আসেন তিনি। ভাষণের শুরুতেই ইমরান বলেন, “রায়ে আমি দুঃখ পেয়েছি, কিন্তু তা মেনে নিয়েছি।”
এ সময় তিনি আরও বলেন, আমদানি করা কোনো সরকার আমরা মেনে নেব না।এ জন্য রোববার (১০ এপ্রিল) এশার নামাজের পর শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে পাকিস্তানের জন্য শেষ বল পর্যন্ত লড়বেন বলে জানিছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইটারে ইমরান খান লেখেন, 'জাতির কাছে আমার বার্তা হলো আমি সবসময়ই পাকিস্তানের হয়ে শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যাব।'
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের প্রস্তাব খারিজ করা ছিল ‘অসাংবিধানিক’ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জাতীয় পরিষদ পুনর্গঠন এবং স্পিকারকে অধিবেশন ডাকার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া রিভিউ পিটিশন খারিজ করে শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হবে বলে রায় দেন আদালত।


