
চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক জেরে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবীতে ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে কলম্বোতে।
শনিবার রাতে প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ সরকার পতনের দাবীতে শ্লোগান দেয়। এতে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, লেখক, আইনজীবি ও পেশাজীবি মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। খবর-রয়টার্স।
শ্রীলঙ্কার এ সংকটের জন্য রাজাপাকসে পরিবারের বিরুদ্ধে দিন দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদ আরো বড় হচ্ছে। প্রতিবাদের তোপে পড়ে মন্ত্রীসভার ২৬ মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। একই দিনে পদ থেকে সড়ে দাঁড়ান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে এমন সংকটে পড়েনি শ্রীলঙ্কা। বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে পৌঁছে গেছে, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, নিত্যপণ্য ও চিকিৎসার হাহাকারে জর্জরিত দেশটিতে থাকা প্রায় ২ কোটি ২০ লাখ নাগরিক।
তবে সকল পরিস্থিতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্ষমতায় টিকে থাকার কথা জানিয়েছেন ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট গোটাবায় রাজাপাকসে । মূখ্য সরকারের হুইপ জনস্টন ফার্নান্দো বলেছেন, দায়িত্ববান সরকার হিসেবে যেকোন পরিস্থিতির মুখোমুখি হবেন, তবুও প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন না।


