

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের বহুল আলোচিত হিজাব ইস্যুতে রায় দিয়েছে কর্নাটক রাজ্যের হাইকোর্ট। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষেই রায় দেয় আদালত। রায়ে হাই কোর্ট বলেন, মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়।
এদিকে ক্লাসে হিজাব পরার অধিকার দাবিকারি পিটিশনকারীরা এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থী স্কুলে হিজাব পরার অনুমতি চেয়ে মামলা করেন। যে সকল মামলা নথিভূক্ত হয়েছিল সকল ধরণের মামলা খারিজ করেন কর্নাটক আদালত।
প্রধান বিচারপতি আর. আর. অবস্থির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দিয়ে বলেন, সরকারি স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা কী পোশাক পরে আসবে, সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে।
ভারতীয় সংবিধানের আর্টিকেল ২৫-এ যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, হিজাব পরার বিষয়টি তার আওতায় পড়ে না বলেও আদালত মন্তব্য করেছে।
এই রায় ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কায় রাজধানী ব্যাঙ্গালোর-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে ঘটনায় বেশ কয়েকদিন ধরেই তোলপাড় চলছে কর্নাটক রাজ্যে। গত মাসে ভারতের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যটিতে ক্লাসে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল মুসলিম শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
হিজাব নিয়ে বিতর্কের জেরে দক্ষিণ কর্নাটকের উদুপি, শিভামোগা-সহ যে জেলাগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল, সেখানে স্কুল-কলেজও সব বন্ধ রাখা হয়েছে।



