
ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলে ১,২০০'এর বেশি মরদেহের খোঁজে পাওয়া গেছে।
বোরবার দেশটির পক্ষ থেকে এ দাবী করা হয়। এ সময় বলা হয়, গত দেড় মাস ধরে চলা রাশিয়ার তাণ্ডবে এ নৃশংসতার ঘটনা ঘটে। নিহত হয়েছেন বহু বেসামরিক মানুষ। বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়েন কয়েক লাখ বাসিন্দা। তবে কী পরিমান বেসামরিক মানুষ মারা গেছেন সে হিসাব নির্দিষ্ট করে জানায়নি দেশটি। খবর-মস্কো টাইমস।
ইউক্রেন দাবি করেছে, কিয়েভের আশেপাশের বেশিরভাগ শহর এবং গ্রামের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এদিকে দেশটিতে বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে।
এর আগে রাজধানী কিয়েভের কাছে বুজোভা গ্রামে আরও একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে ডজনখানেক বেসামরিক নাগরিকের মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল জাতিসংঘ জানায়, ইউক্রেনে এখন পর্যন্ত ৪ হাজার ২৩২ জন বেসামরিক মানুষের হতাহতের হিসাব পেয়েছে সংস্থাটি। এর মধ্যে ১ হাজার ৭৯৩ জন নিহত ও ২ হাজার ৪৩৯ জন আহত হয়েছেন।
এ ছাড়া এখন পর্যন্ত ৪৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা।



