কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির ওজন কমাতে জ্বালানি হ্রাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। তখন এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েটি বন্ধ ছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।
বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি। তবে উড়োজাহাজটির চাকা কী কারণে বিচ্ছিন্ন হয়েছিল, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।










