জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিলেটের জৈন্তাপুর উপজেলার কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ অক্টোবর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জৈন্তাপুরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর উপকেন্দ্র থেকে পরিচালিত জাফলং ১১ কেভি তামাবিল, চাংগিল ও জাফলং ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান জানান, সড়ক উন্নয়নকাজের জন্য এসব ফিডারে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত মেরামতকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।