দিনে খাঁ খাঁ রোদ আর বিকেল গড়াতেই হিমেল হাওয়া। সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শীতের অনুভূতি। রাত যত গভীর হয়, ঠান্ডার আমেজও তত স্পষ্ট হয়ে ওঠে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় শীতের অনুভূতি, ফিরে আসে গরমের তীব্রতা। উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে দিন ও রাতের আবহাওয়ায় এমন বৈপরীত্য দেখা যাচ্ছে। তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় শীতের আগমনী বার্তা পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন মঙ্গলবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতের ঠান্ডার প্রভাব দিনের বেলায় তেমন থাকছে না। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের তীব্র রোদ আর রাতের ঠান্ডা—এ দুই ধরনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে পঞ্চগড়ের বাসিন্দাদের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকায় হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস সরাসরি এ অঞ্চলে প্রবেশ করছে। এর ফলে তাপমাত্রা কমতে শুরু করেছে।
তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে মেঘমুক্ত আবহাওয়ার প্রভাব কেটে গেলে পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।







