নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অবসরপ্রাপ্ত বিচারকের স্থলাভিষিক্ত হিসেবে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভায় শ্রমিকদের মজুরি হারের সুপারিশ তৈরির বিষয়ে আলোচনা হবে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোর লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে সরকার। ওই দিন জারি করা প্রজ্ঞাপনে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি মালিক ও শ্রমিকপক্ষের স্থায়ী সদস্যও নিয়োগ দেওয়া হয়।
একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়োগ দেওয়া হয়। নতুন বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।








