ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২)।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল থেকে গুলিবিদ্ধ হন তিনি। নিহত জাহাঙ্গীর সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১।

তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ফাঁড়ির নিজ কক্ষে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য নিজের নামে ইস্যু করা পিস্তল থেকে গুলিবিদ্ধ হয়েছেন। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে কথা বলে পারিবারিক কলহের বিষয়টি যাচাই করা হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।