একই দিনে দুইবার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি ক্যাম্প থেকে ফরিদপুর বিওপি ক্যাম্প পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ৩ কিলোমিটার ৫৫০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৫৩১ টাকা।

সীমান্তবর্তী এলাকার সড়কটি নির্মিত হলে বিজিবির টহল ও সীমান্ত নজরদারিতে সুবিধা হবে। পাশাপাশি পদ্মা নদীতীরবর্তী এলাকার মানুষের যাতায়াত সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রবিবার (১ নভেম্বর) সকালে সড়কটির নির্মাণকাজ উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। একই দিন বিকেলে পুনরায় উদ্বোধন করেন আসনটির সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।

স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই একই সড়ক উদ্বোধন নিয়ে এমন পাল্টাপাল্টি ঘটনা ঘটেছে। তবে এলজিইডি জানিয়েছে, কোনো উদ্বোধনই আনুষ্ঠানিক ছিল না। সড়কটির নির্মাণকাজ প্রায় দুই সপ্তাহ আগেই শুরু হয়েছে।

বক্তব্যে পাল্টাপাল্টি সমালোচনা

সকালে নুরুল ইসলাম বুলবুলের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির নামসংবলিত ব্যানার থাকলেও বিকেলে হারুনুর রশীদের অনুষ্ঠানে তা ছিল না। বিকেলে তিনি ফিতা কেটে সড়ক উদ্বোধন করেন। দুই অনুষ্ঠানেই এলজিইডির কর্মকর্তা ও ঠিকাদার উপস্থিত ছিলেন।

বুলবুল তাঁর বক্তব্যে বলেন, জেলার উন্নয়নকাজে সাবেক এমপি হারুনুর রশীদ চাইলে তাঁর সঙ্গে থাকতে পারেন। তবে সংসদ সদস্য হিসেবে উন্নয়নকাজ তদারকি করা তাঁর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। নিজের নির্বাচনী প্রাপ্ত ভোটের ব্যবধান উল্লেখ করে বুলবুল বলেন, জনগণ তাঁকে বেশি সমর্থন দিয়েছে। তাঁর ভাষায়, এমপির কাজ অন্য কেউ উদ্বোধন করার এখতিয়ার জনগণ দেয়নি।

অন্যদিকে হারুনুর রশীদ বলেন, সড়কটির বরাদ্দ ও প্রকল্প আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল এবং এটি তাঁর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। সাবেক এমপি ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি সড়কটি পরিদর্শন বা উদ্বোধন করতেই পারেন বলে মন্তব্য করেন। বক্তব্যে তিনি বর্তমান এমপির সমালোচনাও করেন।

আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি: এলজিইডি

সড়কটির ঠিকাদার মো. সেলিম রেজা বলেন, বর্তমান ও সাবেক এমপির দুই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি পরিদর্শনে এলে ঠিকাদার হিসেবে তাঁদের উপস্থিত থাকতে হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, অধিদপ্তরের পক্ষ থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়নি। আনুষ্ঠানিক উদ্বোধন হলে ফলক স্থাপন করা হতো। তাঁর ভাষ্য, দুই জনপ্রতিনিধিই তদারকির কাজে সেখানে গিয়েছিলেন।

তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বরেই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।