মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট প্রদর্শনের নিয়মে পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর এক লাইনে লেখার অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এ ছাড়া মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি। এ সংক্রান্ত সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ গেজেটে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ বিধি সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে আগে নির্ধারিত পদ্ধতির পাশাপাশি নম্বরটি একটি আনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ।
পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী সামনের রেজিস্ট্রেশন নম্বর একাধিক মাপের দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট রেট্রো-রিফ্লেক্টিভ প্লেটে প্রদর্শনের অনুমতি দেওয়া যাবে।
নতুন বিধিমালায় সামনের নম্বরপ্লেটের অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষরের মাত্রা, যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের উচ্চতা, প্লেটের ওপরের অংশের ফাঁকা জায়গা এবং সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব নির্ধারণের ক্ষমতাও বিআরটিএকে দেওয়া হয়েছে।
এ ছাড়া একই লাইনে রেজিস্ট্রেশন নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে সড়ক পরিবহন বিধিমালার ৩৬ বিধির উপবিধি (১০) থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। সংশোধিত বিধিমালা জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।







