ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার দুপুর ১২টায়।
সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এই প্রার্থী ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একক প্রার্থী থাকায় এ আসনে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।
এর আগে সংরক্ষিত নারী আসনটির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।







