যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলটি দেশের ইতিহাসের সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে সীমান্ত উন্মুক্ত করে দেবে বলেও দাবি করেন ট্রাম্প।
আইওয়া ও কানসাসে জনসভা করার মধ্য দিয়ে প্রচারণা শেষ করেন তিনি। একসময় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই দুই অঙ্গরাজ্যে এবার কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে।
কানসাসে রিপাবলিকান সিনেট প্রার্থী রজার মার্শালের পক্ষে প্রায় ৯০ মিনিট বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ডেমোক্র্যাটদের অভিবাসন নীতির সমালোচনা করেন এবং অঙ্গরাজ্যটির ডেমোক্র্যাট প্রার্থী অ্যাডাম হ্যামিল্টনকে কটাক্ষ করেন।
জনসভায় সংক্ষিপ্ত বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শত্রুরা দুর্বল হয়ে পড়েছে।
নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অর্থনীতি
এর আগে আইওয়ার জনসভায় মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদকে ‘জিহাদি’ বলে আক্রমণ করেন ট্রাম্প। এর আগেও নির্বাচনী প্রচারণায় তাঁকে একই ধরনের ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের জন্য এক ধরনের গণভোটে পরিণত হয়েছে। অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও মধ্যপ্রাচ্য সংকট ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। নির্বাচনে ইতোমধ্যে ৫ কোটি ৪০ লাখের বেশি আগাম ভোট পড়েছে।








