মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা চার দিন জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ কম থাকবে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

পেট্রোবাংলার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে টার্মিনালটিতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে দেশের বিভিন্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের গ্যাস ব্যবহারে সাময়িক ভোগান্তি হতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। নির্ধারিত কাজ শেষ হলে টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে।

সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।