তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার, রাজনৈতিক সংলাপ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চীনা প্রতিনিধিদলের প্রধান। এ সময় বাংলাদেশের রাজনৈতিক ও সরকারি পর্যায়ের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
পরে সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বঙ্গভবন পরিদর্শন এবং রাষ্ট্রপতির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে।
একই দিন দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘হোয়্যার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল প্লাস’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে অংশ নেবেন লিউ হাইশিং। এ অনুষ্ঠানে বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধনী আয়োজনেও তার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিকেলে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন। পাশাপাশি ঢাকায় চীনা দূতাবাসের সাবেক ও বর্তমান চ্যান্সারি ভবন পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন চীনা প্রতিনিধিদলের প্রধান। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে প্রাতরাশ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফর শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে লিউ হাইশিংয়ের।
সংশ্লিষ্টদের মতে, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে রাজনৈতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।







