অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ১৮২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি রয়েছেন।
অক্টোবর মাসের শেষ সপ্তাহে দেশটির জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে তাদের প্রত্যাবাসন করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ১৮২ জনের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫ জন, মিয়ানমারের ২৫ জন, পাকিস্তানের ১৫ জন, ভারত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার তিনজন করে, শ্রীলঙ্কার দুজন এবং চীনের একজন নাগরিক রয়েছেন।
অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। তাদের অধিকাংশের বৈধ পাসপোর্ট ছিল। যাদের পাসপোর্ট ছিল না, তাদের কয়েকজনকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে জরুরি ভ্রমণ নথি সরবরাহ করা হয়। এসব নথির ভিত্তিতে তাদের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত নিষেধাজ্ঞার মেয়াদ অনুযায়ী তারা পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না।
অন্যদিকে, আটক বিদেশি নাগরিকদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে বিশেষ সেবাকেন্দ্র চালু রেখেছে কর্তৃপক্ষ। এ কেন্দ্র থেকে বিমান টিকিট কেনাসহ প্রত্যাবাসনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাচ্ছে। এ জন্য কোনো ধরনের সেবামূল্য বা অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।
প্রত্যাবাসনসংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় সহায়তার জন্য সংশ্লিষ্ট ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটে যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।







