সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ প্রবেশ কার্ড বা পরিচয়পত্র (আইডি কার্ড) দৃশ্যমান স্থানে রাখতে হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, বর্তমানে সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী দর্শনার্থী, সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওটিপির মাধ্যমে অনুমতিপ্রাপ্ত বিভিন্ন শ্রেণির মানুষ প্রবেশ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ কারণে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে আইডি কার্ড প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের কর্মীদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা জারি করা হয়। এসব নির্দেশনার মধ্যে রয়েছে, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থীদের প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের বিভিন্ন দপ্তরের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখা।

এ ছাড়া দর্শনার্থীদের প্রবেশের নির্ধারিত সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা করা হয়েছে। সে অনুযায়ী ওটিপি প্রদানের নির্দেশনা দেওয়া হয়। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার পাশাপাশি ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাদের জন্য ওটিপি প্রদান বন্ধ রাখার নির্দেশনাও রয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর করা, দর্শনার্থীদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতেই ধারাবাহিকভাবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।