প্রধানমন্ত্রী তারেক রহমান আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরে তিনি মোংলায় দুটি কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন। এ ছাড়া বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে নির্ধারিত কর্মসূচি শেষে সড়কপথে খুলনায় যাবেন তিনি।
খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে খুলনায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফর উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়কে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন।
শহরের শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা ধরনের গ্রাফিতি। এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। পাশাপাশি স্থান পেয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের ছবি।
তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এবার শহরের বিভিন্ন স্থানে প্রচলিত তোরণ, ব্যানার ও ফেস্টুনের আধিক্য দেখা যাচ্ছে না। স্বাগত জানাতে লাগানো তোরণ ও বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরবাসী প্রস্তুত রয়েছেন।








