প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিশ্বের ১২টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর বহির্গমন ছাড়পত্র দেওয়া যাবে না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার।

নির্দেশনায় উল্লেখ করা ১২টি দেশ হলো—সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

নির্দেশনা অনুযায়ী, এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া কোনো বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু করা যাবে না।

এ ছাড়া এসব দেশে কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্র নিশ্চিত হওয়ার আগে কোনো ধরনের আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশগামী কর্মীদের দালাল বা কোনো ব্যক্তির প্রলোভনে পড়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি অনুমোদন ও বৈধ নিয়োগপ্রক্রিয়া যাচাই করে বিদেশযাত্রার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।