গাজীপুরে নিহত পোশাকশ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি শ্রমিকদের ন্যায্য দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
আহতদের দেখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলন অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের জনগণ তাদের পাশে রয়েছে। তবে আন্দোলনকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা ন্যায্য, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতার মাধ্যমে আন্দোলন থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করতে পারে। একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে নির্যাতন-নিপীড়ন চালিয়ে শ্রমিকদের আন্দোলন দমনের চেষ্টা হতে পারে। এসব পরিস্থিতি মোকাবিলা করেই শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের দাবির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, নিহত শ্রমিক তৌফিকের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।
এ ছাড়া গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং অন্যায়ভাবে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে শ্রমিক নেতা ও শ্রমিক কর্মীদের নিঃশর্ত মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।








